স্বাস্থ্য খাতে অবহেলা-জবাবদিহিতার অভাবে মানুষ ক্ষতিগ্রস্ত

বাংলাদেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলা ও জবাবদিহিতার অভাবে ভুগছে। দেশের মানুষকে স্বাস্থ্য ব্যয়ের ৭২ শতাংশ নিজেদের পকেট থেকে বহন করতে হয়, যা অসুস্থতাকে দারিদ্র্যের অন্যতম প্রধান কারণে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘দ্য পাথ টু বিকামিং আ হেলথ এন্টারপ্রেনার ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. জুবাইদা রহমান।

ডা. জুবাইদা রহমান বলেন, ‘আমরা সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে প্রচেষ্টা চালাচ্ছি। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং মর্যাদা ও সম্মানের সঙ্গে প্রতিটি নাগরিকের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য। যাতে চিকিৎসা বিল পরিশোধ করতে গিয়ে কেউ ধ্বংস না হয় এবং মানসম্মত সেবা সবার দোরগোড়ায় পৌঁছায়।’

তিনি আরও বলেন, অসংক্রামক রোগ বৃদ্ধি পাচ্ছে, দেশের মানুষ দ্রুত বার্ধক্যের দিকে যাচ্ছে, জলবায়ু পরিবর্তন নতুন নতুন ঝুঁকি তৈরি করছে এবং নগরায়ণ মানুষের জীবনযাপন, কাজ ও সেবা গ্রহণের ধরন বদলে দিচ্ছে।

ডা. জুবাইদা রহমান স্বাস্থ্যসেবাকে কোনো বিশেষ সুবিধা নয়, বরং প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠার উপর জোর দেন। তিনি প্রাথমিক স্বাস্থ্যসেবাকে দেশের স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে গড়ে তোলার কথা বলেন এবং গ্রামাঞ্চলে ক্রিটিক্যাল কেয়ার সেবা সম্প্রসারণের তাগিদ দেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, অর্থমন্ত্রী আমির খসরুসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ