
সিয়াটলের লুমেন ফিল্ডে স্বপ্নভঙ্গের রাত নেমে এল স্বাগতিক যুক্তরাষ্ট্রের। বিশ্বকাপের উত্তেজনায় ভরা রাতে লাল-সাদা জার্সিতে ঝড় তুলে এল বেলজিয়াম। আক্রমণের ঢেউয়ে ভেসে গেল তারকা ভরা আমেরিকান দল। শেষ ষোলোতেই থেমে গেল স্টার অ্যান্ড স্ট্রাইপসদের বিশ্বকাপ যাত্রা। বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নিয়েছে স্বাগতিকরা। রেড ডেভিলসদের আক্রমণাত্মক ফুটবলের সামনে দাঁড়াতেই পারেনি তারা।
বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ৩:০০ টায় শুরু হয় ম্যাচটিতে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বেলজিয়াম। ম্যাচ শুরুর নবম মিনিটে চার্লস ডি কেটেলারের দুর্দান্ত গোলে এগিয়ে যায় তারা। বেলজিয়ামের আক্রমণভাগের চাপে আমেরিকান ডিফেন্স তখনই নড়বড়ে হয়ে পড়ে। ৩১ মিনিটে ফ্রি কিক থেকে মালিক টিলমানের অসাধারণ শটে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। গোলের পর মুহূর্তের জন্য লুমেন ফিল্ড কেঁপে ওঠে স্বাগতিক সমর্থকদের উল্লাসে। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র দুই মিনিট পরই আবারও গোল করে দলকে এগিয়ে নেন চার্লস ডি কেটেলার। তার এই দ্বিতীয় গোল বেলজিয়ামকে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেয়।
বিরতির পর দ্বিতীয়ার্ধেও বেলজিয়ামের আক্রমণ অব্যাহত থাকে। ৫৭ মিনিটে হান্স ভানাকেনের লক্ষ্যভেদে স্কোরলাইন হয় ৩-১। এ সময় যুক্তরাষ্ট্রের খেলোয়াড়রা আপ্রাণ চেষ্টা করলেও বেলজিয়ামের শক্তিশালী মিডফিল্ড ও ডিফেন্স ভেদ করতে ব্যর্থ হয়। ম্যাচের শেষভাগে অতিরিক্ত সময়ে রোমেলু লুকাকুর গোলে বড় জয় নিশ্চিত করে বেলজিয়াম। লুকাকুর এই গোল শুধু জয়ই নয়, বেলজিয়ামের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেয়।
পুরো ম্যাচে বেলজিয়ামের আক্রমণভাগ ছিল অসাধারণ। চার্লস ডি কেটেলারের দুই গোল, হান্স ভানাকেন ও রোমেলু লুকাকুর গোল মিলিয়ে তারা চার গোল করে স্বাগতিকদের কোনো সুযোগই দেয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্র একটি গোল করে সম্মান রক্ষা করলেও, তাদের আক্রমণ ছিল ছন্দহীন। ডিফেন্সে বারবার ভুলের খেসারত দিতে হয়েছে তাদের।
এ জয়ের ফলে ষষ্ঠ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে স্পেন।


