
গুম ফেরত সাদাতকে বড় দায়িত্বে দেখতে চায় পটিয়াবাসী চট্টগ্রামের পটিয়ার সন্তান, প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও বিএনপির কেন্দ্রীয় রাজনীতির পরিচিত মুখ সৈয়দ সাদাত আহমেদকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘ রাজনৈতিক পথচলা, ব্যবসায়িক অভিজ্ঞতা এবং অতীতে গুমের শিকার হওয়ার ঘটনায় আলোচিত এই নেতাকে নিয়ে পটিয়ার তাঁর সমর্থকদের মধ্যে নানা প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন সৈয়দ সাদাত আহমেদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতৃত্বেও দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবেও পরিচিত। অতীতে তিনি চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ২০১৭ সালে রাজধানী ঢাকা থেকে তাকে গুম করা হয় । কয়েক মাস পর তাঁকে একটি পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ঘটনাটি দেশ-বিদেশে আলোচিত হয় এবং পরবর্তীতে তিনি মুক্তি লাভ করেন। এ প্রসঙ্গে দলের একাধিক সিনিয়র নেতা বলেন সৈয়দ সাদাত আহমেদ এর ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা, সাংগঠনিক সম্পৃক্ততা এবং কঠিন রাজনৈতিক সময় অতিক্রম করার অভিজ্ঞতা তাঁকে একটি ভিন্ন পরিচিতি দিয়েছে। এ কারণে পটিয়াবাসী তথা দলের অনেকেই মনে করেন, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব—যেমন টেকনোক্র্যাট মন্ত্রী বা অন্য কোনো গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে—তাঁকে বিবেচনা করা হলে তিনি সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন। বিষয়টি স্থানীয় সমর্থকদের মাঝে যেমন ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে তেমনি রাজনৈতিক অঙ্গনেও বেশ জোরেশোরেই আলোচিত হচ্ছে । সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় রাজনীতিতে নেতৃত্ব মূল্যায়নের ক্ষেত্রে ব্যক্তির সাংগঠনিক দক্ষতা, জনসম্পৃক্ততা, গ্রহণযোগ্যতা এবং দলের সিদ্ধান্তই যেহেতু শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং সেই বাস্তবতায় সৈয়দ সাদাত আহমেদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানও নির্ধারিত হবে দলের সঠিক সময়োচিত সিদ্ধান্ত ও জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটের ভিত্তিতে।


