চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে যথাসূচিতে

চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সোমবার রাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিবৃষ্টিজনিত বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত থাকলেও অন্য বোর্ডগুলোর অধিকাংশ পরীক্ষাকেন্দ্র পরীক্ষা নেওয়ার উপযোগী রয়েছে। স্থানীয় প্রশাসনের প্রতিবেদনের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ায় একটি বোর্ডের পরিস্থিতির কারণে সব বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা বাস্তবসম্মত নয়। তবে কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগে পরীক্ষার্থীদের নিরাপত্তা বা পরীক্ষা গ্রহণ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন।

এদিকে বিরূপ আবহাওয়ার কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে সতর্কতার সঙ্গে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ড।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ