
সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। সোমবার (১৩ জুলাই) রাতে সংসদে এ কমিটি গঠন করা হয়।
সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। ১৭ সদস্যের কমিটিতে বিরোধী দলের জন্য পাঁচটি পদ খালি রাখা হয়েছে। পরে তারা সদস্যের নাম দিলে কমিটি পুনর্গঠন করা হবে বলে জানানো হয়।
তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে তারা আগের অবস্থানেই অনড় রয়েছেন। জনগণের মতামত উপেক্ষা করা হচ্ছে দাবি করে তারা কমিটিতে অংশ না নেওয়ার ঘোষণা দেন।


