সকালের ৫ ভুলেই বাড়তে পারে ‘স্ট্রেস হরমোন’ কর্টিসল

সকালে ঘুম থেকে উঠেই যদি অকারণ দুশ্চিন্তা, মন খারাপ বা অস্থিরতা অনুভব করেন, তাহলে এর পেছনে দায়ী হতে পারে কর্টিসল। এটি শরীরের একটি গুরুত্বপূর্ণ হরমোন, যা ‘স্ট্রেস হরমোন’ নামেও পরিচিত। বিশেষজ্ঞদের মতে, ভোর থেকে সকাল ৬টা–৮টার মধ্যে শরীরে কর্টিসলের মাত্রা সবচেয়ে বেশি থাকে। তাই দিনের শুরুতে কিছু ভুল অভ্যাস এই হরমোনের মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, কর্টিসলের মাত্রা বেড়ে গেলে মানসিক চাপ, উদ্বেগ, ক্লান্তি ও বিরক্তি বাড়তে পারে। তবে দৈনন্দিন কিছু অভ্যাস বদলালে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

যেসব অভ্যাস কর্টিসল বাড়াতে পারে

খালি পেটে শুধু কফি পান
সকালের নাশতা বাদ দিয়ে শুধু কফি পান করলে কর্টিসলের মাত্রা বাড়তে পারে। তাই খালি পেটে কফি না খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

সকালের নাশতা এড়িয়ে যাওয়া
দীর্ঘ সময় না খেয়ে থাকলে রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায়। এতে শরীর কর্টিসল নিঃসরণ বাড়িয়ে দেয়, যা মানসিক চাপ বাড়াতে পারে।

ধূমপান
সকালে ঘুম থেকে উঠে সিগারেট খাওয়ার অভ্যাসও কর্টিসলের মাত্রা বাড়িয়ে দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

অতিরিক্ত কার্বোহাইড্রেট এড়িয়ে চলা
স্বাস্থ্য সচেতনতার কারণে অনেকেই ভাত, রুটি বা অন্যান্য শর্করা একেবারে বাদ দেন। বিশেষজ্ঞদের মতে, পরিমিত কার্বোহাইড্রেট শরীরের জন্য প্রয়োজনীয় এবং এটি ভালো ঘুম ও মানসিক স্থিতি বজায় রাখতে সহায়তা করে।

মৌসুমি ফল না খাওয়া
মৌসুমি ফলে থাকা প্রাকৃতিক ফ্রুক্টোজ শরীরকে শক্তি জোগায়। এসব ফল এড়িয়ে গেলে শরীরে শক্তির ঘাটতি তৈরি হতে পারে, যা কর্টিসলের মাত্রা বাড়াতে ভূমিকা রাখে।

কর্টিসল নিয়ন্ত্রণে যা করবেন

বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী—

  • প্রতিদিন পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন ঘুম নিশ্চিত করুন।
  • সকালে পুষ্টিকর নাশতা করুন।
  • নিয়মিত হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করুন।
  • রাতে অতিরিক্ত দেরি করে জেগে থাকা এবং দীর্ঘ সময় মোবাইল বা অন্যান্য স্ক্রিন ব্যবহার এড়িয়ে চলুন।
  • প্রতিদিনের খাদ্যতালিকায় পরিমিত কার্বোহাইড্রেট ও মৌসুমি ফল রাখুন।

বিশেষজ্ঞদের মতে, দিনের শুরুতেই কর্টিসলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারলে সারাদিন মন ভালো থাকে, মানসিক চাপ কমে এবং শরীরও থাকে বেশি কর্মক্ষম।

ছবি: এআই জেনারেট

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ