মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের দাম বাড়েনি: বিদ্যুৎমন্ত্রী

মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়েই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে, যাতে নিম্ন আয়ের মানুষ বাড়তি বিলের চাপের মুখে না পড়েন।

শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন, শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ এবং ক্রীড়াসামগ্রী বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, গ্রামাঞ্চলের অধিকাংশ পরিবার মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করে না। তাই প্রান্তিক মানুষ যাতে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাব থেকে সুরক্ষা পান, সেটিই সরকারের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে কাজ করছে। এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সরকার ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। পরিবেশবান্ধব এই বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি ব্যয় না থাকায় এটি বাস্তবায়িত হলে জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমবে এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

উল্লেখ্য, চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর নতুন বিদ্যুৎ মূল্যহার অনুযায়ী বর্তমান বিএনপি সরকার আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে প্রতি ইউনিটে গড়ে ৩৫ পয়সা পর্যন্ত মূল্য সমন্বয় করে। তবে মাসে ০–৭৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য আগের হারই বহাল রাখা হয়। নতুন স্ল্যাব অনুযায়ী আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহার ধরা হয়েছে ০–৭৫, ৭৬–২০০, ২০১–৩০০, ৩০১–৪০০, ৪০১–৬০০ এবং ৬০০ ইউনিটের বেশি—যেখানে ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে প্রতি ইউনিটের মূল্যও ধাপে ধাপে বৃদ্ধি পায়।

নতুন মূল্যহার অনুযায়ী আবাসিক গ্রাহকদের ০–৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম অপরিবর্তিত রেখে প্রতি ইউনিট ৫ টাকা ২৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। ৭৬–২০০ ইউনিট ব্যবহারে প্রতি ইউনিট ৭ টাকা ১৪ পয়সা, ২০১–৩০০ ইউনিটে ৭ টাকা ৫৯ পয়সা, ৩০১–৪০০ ইউনিটে ৭ টাকা ৭৪ পয়সা, ৪০১–৬০০ ইউনিটে ১১ টাকা ৫১ পয়সা এবং ৬০০ ইউনিটের বেশি ব্যবহারে প্রতি ইউনিট ১২ টাকা ০৬ পয়সা বিল দিতে হবে। নতুন এই হার ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ