রুদ্ধশ্বাস ১০ গোলের লড়াই, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রোমাঞ্চকর এক লড়াইয়ে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়েছে ইংল্যান্ড। প্রথমার্ধেই চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় থমাস টুখেলের দল। তবে দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে দুর্দান্ত প্রত্যাবর্তনের চেষ্টা করেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি ফ্রান্স।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইংল্যান্ড। তৃতীয় মিনিটেই ডেকলান রাইস গোল করে দলকে এগিয়ে দেন। এরপর কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন এজরি কনসা। বিরতির আগে বুকায়ো সাকা জোড়া গোল করলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড।

দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। বিরতির পরপরই গোল করে ব্যবধান কমান কিলিয়ান এমবাপ্পে। এরপর ব্র্যাডলি বারকোলা আরেকটি গোল করলে ম্যাচে ফেরে ফ্রান্স। পরে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৪-৩ করেন এমবাপ্পে। এই জোড়া গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১০-এ নিয়ে যান তিনি। ১৯৭০ সালে জার্মান কিংবদন্তি গার্ড মুলারের পর প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে দুই অঙ্কের গোলের মাইলফলক স্পর্শ করেন এমবাপ্পে।

ফ্রান্স যখন সমতায় ফেরার স্বপ্ন দেখছে, তখন পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন বুকায়ো সাকা। এরপর বদলি হিসেবে নেমে জুড বেলিংহ্যাম ইংল্যান্ডের ষষ্ঠ গোল করেন। ম্যাচের শেষ দিকে ওসমান দেম্বেলে আরেকটি গোল শোধ করলেও ৬-৪ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড।

এই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করল ইংল্যান্ড। যদিও সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারের হতাশা পুরোপুরি কাটেনি, তবুও জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করল থমাস টুখেলের দল। অন্যদিকে, ১৪ বছর দায়িত্ব পালনের পর ফ্রান্সের কোচ হিসেবে দিদিয়ের দেশমের শেষ ম্যাচটি পরাজয় দিয়েই শেষ হলো।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ