বাবাকে বাদ দিয়ে শুধু মায়ের পদবি গ্রহণ করলেন অ্যাঞ্জেলিনা ও ব্র্যাডের ছোট মেয়ে ভিভিয়েন

বাবার সঙ্গে দূরত্বের জের ধরে হলিউড তারকা ব্র্যাড পিটের নাম নিজেদের পরিচয় থেকে ছেঁটে ফেলছেন তার সন্তানরা। সেই তালিকায় এবার যুক্ত হলেন সাবেক এই তারকা দম্পতির ছোট মেয়ে ভিভিয়েন জোলি-পিট। সম্প্রতি ১৮ বছরে পা দেওয়া ভিভিয়েন আইনিভাবে নিজের নাম থেকে ‘পিট’ পদবি বাদ দিয়ে ‘ভিভিয়েন মার্সেলিন জোলি’ রাখার জন্য লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপেরিয়র কোর্টে আবেদন করেছেন। নথিপত্রে এই সিদ্ধান্তের কারণ হিসেবে তিনি ‘ব্যক্তিগত’ বিষয়কে উল্লেখ করেছেন। আগামী ২ নভেম্বর তার এই আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগেও ব্র্যাড পিটের সঙ্গে নিজের দূরত্বের বিষয়টি প্রকাশ করেছিলেন ভিভিয়েন। ২০২৪ সালে ব্রডওয়েতে মা অ্যাঞ্জেলিনা জোলির পরিচালনায় নির্মিত ‘দ্য আউটসাইডার্স’-এর প্লেবিলে তিনি নাম লিখিয়েছিলেন ‘ভিভিয়েন জোলি’ হিসেবে।

তবে বাবার পদবি বর্জন করার ক্ষেত্রে ভিভিয়েন একা নন। তাদের ছয় সন্তানের মধ্যে ইতিপূর্বে শাইলো প্রথম আইনি প্রক্রিয়ায় নিজের নাম পরিবর্তন করেন। এছাড়া জ্যাহারা ও ম্যাডক্সও একই পথে হাঁটছেন। তাদের আবেদনের শুনানি যথাক্রমে আগামী ২৮ সেপ্টেম্বর এবং ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে দুই ছেলে প্যাক্স ও নক্স এখনো কোনো আইনি পদক্ষেপ না নিলেও, গত জুনে হাই স্কুল গ্র্যাজুয়েশনের সনদে নক্স নিজের নাম ‘নক্স জোলি’ হিসেবে উল্লেখ করেছেন। উল্লেখ্য, ২০১৬ সালের পর থেকে ব্র্যাড পিটকে তার সন্তানদের সঙ্গে জনসম্মুখে আর দেখা যায়নি।

২০০৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত একসঙ্গে থাকার পর বিচ্ছেদে জড়ান অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। টানা আট বছর ধরে চলা এই তিক্ত বিচ্ছেদ প্রক্রিয়ায় তাদের সন্তানদের অভিভাবকত্ব এবং ফ্রান্সে যৌথ মালিকানার একটি আঙুর ক্ষেত (শ্যাটো মিরাভাল) নিয়ে আইনি লড়াই চলে।

সম্প্রতি এই বিচ্ছেদের প্রভাব থেকে বের হয়ে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। তিনি জানান, তার তিন মেয়ে জ্যাহারা, শাইলো এবং ভিভিয়েন তাকে আবার আত্মবিশ্বাসী হতে সাহায্য করছে। জোলি বলেন, “আমার মেয়েরা বড় হচ্ছে এবং এখন তারা আমার সঙ্গে প্রাপ্তবয়স্কদের মতো কথা বলে। তাদের শক্তি, উদারতা এবং আত্মবিশ্বাস দেখে আমি নিজের হারিয়ে যাওয়া পুরোনো রূপকে ফিরে পাচ্ছি। তারা চায় আমি শুধু একজন ‘মা’ পরিচয়ের গণ্ডিতেই আটকে না থেকে আবারও নিজের মতো করে বাঁচি।”

এছাড়া ‘দ্য হলিউড রিপোর্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জোলি জানিয়েছিলেন, সন্তানদের বয়স ১৮ বছর হয়ে গেলে তাদের অভিভাবকত্ব সংক্রান্ত বাধ্যবাধকতা শেষ হবে। এরপর তিনি লস অ্যাঞ্জেলেস ছেড়ে বাইরে সময় কাটাতে চান। তিনি মূলত কম্বোডিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে বাকি সময় কাটাতে আগ্রহী।

সূত্র: ইয়াহু নিউজ

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ