
রাজধানীর কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। নিত্যপ্রয়োজনীয় প্রায় সব ধরনের সবজির দাম বেড়ে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। মাত্র কয়েক দিনের ব্যবধানে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে দেখা যায়, মানভেদে ২৫০ গ্রাম কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকায়, অর্থাৎ প্রতি কেজির দাম দাঁড়াচ্ছে ৪০০ টাকা। এক সপ্তাহ আগেও একই মরিচ ১৫০ থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।
কাঁচামরিচের পাশাপাশি অন্যান্য সবজির দামও কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে বেগুন ১২০ থেকে ১৮০ টাকা, টমেটো ১৬০ থেকে ২০০ টাকা, করলা ১০০ থেকে ১৪০ টাকা এবং পটল, ঢ্যাঁড়শ, কাকরোল ও ঝিঙা ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁপে ৪০ টাকা, আলু ৩০ টাকা এবং পেঁয়াজ এক সপ্তাহের ব্যবধানে ১০ টাকা বেড়ে ৬০ টাকা কেজি হয়েছে।
এছাড়া কচুর লতি ও কচুরমুখী ৮০ থেকে ১০০ টাকা, শসা ও বরবটি ১০০ টাকা, গাজর ১৪০ টাকা এবং মিষ্টি কুমড়া ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি ধনেপাতা ৩০০ টাকা, হাইব্রিড ধনেপাতা ২২০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকা, চাল কুমড়া ৬০ থেকে ৮০ টাকা প্রতি পিস এবং কেপসিকাম ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মুরগির বাজারেও দাম তুলনামূলক বেশি। সোনালি মুরগি ৩০০ টাকা, লাল লেয়ার ৩৫০ টাকা, ব্রয়লার ১৮০ থেকে ১৯০ টাকা এবং দেশি মুরগি ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
মাছের বাজারেও উচ্চমূল্য বজায় রয়েছে। ৩০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা, ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা এবং ১ কেজি ওজনের ইলিশ ৩ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া রুই, মৃগেল, পাঙ্গাস, চিংড়ি, বোয়াল, পাবদা, টেংরা ও অন্যান্য মাছের দামও আকারভেদে আগের তুলনায় বেশি রয়েছে।
ডিমের বাজারে এক ডজন লাল ডিম ১৫০ টাকা, হাঁসের ডিম ২০০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীদের দাবি, দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় মরিচ ও সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। মিরপুরের এক সবজি বিক্রেতা বলেন, আড়তে চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেকেরও নিচে নেমে এসেছে, তাই প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে।
ক্রেতাদের অভিযোগ, বর্তমান বাজারে ১০০ টাকার নিচে মানসম্মত কোনো সবজি পাওয়া যাচ্ছে না। বিশেষ করে কাঁচামরিচের দাম এতটাই বেড়েছে যে এটি এখন অনেক পরিবারের জন্য বিলাসী পণ্যে পরিণত হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, বর্ষা মৌসুমে সবজির দাম কিছুটা বাড়া স্বাভাবিক হলেও কাঁচামরিচের দাম ৪০০ টাকা কেজিতে পৌঁছানো অস্বাভাবিক। তারা বাজারে কৃত্রিম সংকট ও অসাধু সিন্ডিকেটের অভিযোগ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারির আহ্বান জানিয়েছেন।


