সৌদি জোটে যোগদান ইরানবিরোধী কোনো পদক্ষেপ নয়: পররাষ্ট্র উপদেষ্টা

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগদান কোনোভাবেই ইরানকে বাদ দেওয়া বা আঘাত করার উদ্দেশ্যে নয়। তিনি জানান, বাংলাদেশ একদিকে সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করছে, অন্যদিকে ইরানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ বজায় রাখছে।

রোববার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুমায়ুন কবির বলেন, সৌদি নেতৃত্বাধীন জোটে যোগদানের মূল উদ্দেশ্য হুতিদের চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা করা। একই সঙ্গে বাংলাদেশ ইরানের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে। তাই এ সিদ্ধান্তকে ইরানবিরোধী পদক্ষেপ হিসেবে দেখার সুযোগ নেই।

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক শুধু হজ বা ওমরাহর মতো ধর্মীয় বিষয়ে সীমাবদ্ধ থাকবে না; বরং এটি একটি কৌশলগত ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে রূপ নেবে। সৌদি আরব মুসলিম বিশ্বের দুটি পবিত্র মসজিদ—মক্কা ও মদিনার রক্ষক হওয়ায় বাংলাদেশের সঙ্গে তাদের বিশেষ আত্মিক সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন, সৌদি আরবের নিরাপত্তা বা স্থিতিশীলতার প্রশ্নে দেশটি সহযোগিতা চাইলে বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নৈতিক ও আত্মিক দায়বদ্ধতা থেকে সহযোগিতার বিষয়ে ইতিবাচক থাকবে।

এদিকে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানাবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ