দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চলে একের পর এক বিস্ফোরণ, ধোঁয়ায় ঢাকল আকাশ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চলে একের পর এক বিস্ফোরণের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিস্ফোরণের পর ঘন কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে আকাশে উঠতে দেখা যায়, যার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ইরানের সংবাদমাধ্যম মেহরের বরাতে জানা গেছে, আমিরাতের কর্মকর্তাদের উদ্ধৃত করে দাবি করা হয়েছে যে প্রায় ২০ মিনিটের ব্যবধানে শিল্পাঞ্চলটিতে পরপর সাতটি বিস্ফোরণ ঘটে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিস্ফোরণের ছবি ও ভিডিও ধারণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। এটি দুর্ঘটনা, নাকি কোনো সামরিক হামলার ফল—তা স্পষ্ট নয়। এদিকে ইরাকের কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ইয়েমেন থেকে জেবেল আলি শিল্পাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এ দাবিরও স্বাধীনভাবে কোনো সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

নাসার থার্মাল ইমেজারি তথ্যের উদ্ধৃতি দিয়ে মেহর নিউজ জানিয়েছে, সমুদ্রবন্দর সংলগ্ন কয়েকটি জ্বালানি সংরক্ষণ গুদামে আগুন লাগে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

দুবাই সিটি সেন্টারের দক্ষিণ-পশ্চিমে প্রায় ২৫ মাইল দূরে অবস্থিত জেবেল আলি। এটি সংযুক্ত আরব আমিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বন্দর এলাকা। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সাম্প্রতিক মাসগুলোতে দেশটি একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সতর্কতা জারি করেছিল। ফলে সর্বশেষ এই বিস্ফোরণের ঘটনায় নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ