জকসু নেতার ওপর হামলার অভিযোগ, মাথা ফেটে হাসপাতালে নূর মোহাম্মদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. নূর মোহাম্মদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হামলার জন্য সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ইনকিলাব মঞ্চ।

বুধবার সন্ধ্যায় পুরান ঢাকার লক্ষ্মীবাজারে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ইনকিলাব মঞ্চের সদস্য রাকিব শিকদারের দাবি, আগের দিনের হামলায় আহত এক সদস্যকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে তাঁরা কয়েকজন কলেজের সামনে অপেক্ষা করছিলেন। এ সময় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন তাঁদের ঘিরে ধরেন। পরে ভিডিও কলে নূর মোহাম্মদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।

হামলায় নূর মোহাম্মদের পাশাপাশি ইনকিলাব মঞ্চের সদস্য ইসমাইল হোসেন তানিম, রাকিব শিকদার এবং আলফাজ আহত হন। আহত নূর মোহাম্মদ বর্তমানে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার পর ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্যসচিব ও ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ফেসবুকে দেওয়া এক পোস্টে ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন।

অন্যদিকে জকসুর সাধারণ সম্পাদক আবদুল আলিমও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার বিচার দাবি করে লিখেছেন, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কর্মীরা জকসুর স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক নূর মোহাম্মদসহ নারী শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

তবে এ ঘটনার বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ