হৃদয়ের ঝড়ো ফিফটিতে এলপিএলের ফাইনালে জাফনা কিংস

বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়ের ঝড়ো ইনিংসে ভর করে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফাইনালে জায়গা করে নিয়েছে জাফনা কিংস। প্রথম কোয়ালিফায়ারে গল গ্ল্যাডিয়েটর্সকে ১৪ রানে হারিয়ে শিরোপার লড়াই নিশ্চিত করেছে দলটি।

কলম্বোয় টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল জাফনা। ওপেনার কামিল মিশরা দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান। অভিষ্কা ফার্নান্দো ১৯ ও খাজা নাফে ৫৪ রান করে ফিরলেও রান তোলার গতি কমেনি।

১৫.৩ ওভারে দলের সংগ্রহ যখন ১৭৩/২, তখন ব্যাট হাতে নামেন তাওহিদ হৃদয়। শেষ পর্যন্ত মাত্র ২১ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৫৪ রান করে দলের সংগ্রহ ২০ ওভারে ২৪২ রানে পৌঁছে দেন। কামিল মিশরা ৫৫ বলে ১০ চার ও ৭ ছক্কায় অপরাজিত ১০৮ রান করেন। চতুর্থ উইকেটে হৃদয় ও মিশরার ২৮ বলের জুটিতে আসে ৭১ রান।

২৪৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে গল গ্ল্যাডিয়েটর্সের কয়েকজন ব্যাটার ভালো শুরু পেলেও কেউ বড় ইনিংস খেলতে পারেননি। স্যাম হার্পার ২১ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২২৮ রান তুলেই থেমে যায় গল।

জাফনার হয়ে খেলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও। ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে ৩ ওভারে ৩৬ রান দিয়ে একটি উইকেট শিকার করেন তিনি।

আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে লঙ্কা প্রিমিয়ার লিগের ফাইনাল। সেখানে জাফনা কিংসের প্রতিপক্ষ নির্ধারিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ী দল।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ