
প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে সিস্টেম উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছে দেশের ৩০টি ব্যাংক। এ কারণে নির্দিষ্ট সময়ের জন্য এসব ব্যাংকের কার্ড, এটিএম, পিওএস, কিউআরসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংককে না জানিয়ে ব্যাংকগুলো এমন সিদ্ধান্ত নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন গভর্নর মোস্তাকুর রহমান।
ব্যাংকগুলোর দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত কয়েকটি কার্ড ও লেনদেন সেবা বন্ধ থাকবে। ফলে এ সময়ে সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহকদের বিকল্প মাধ্যমে লেনদেন করতে হতে পারে।
মধুমতি ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময় সব ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ড, এটিএম, আইবিএফটি এবং কিউআর লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।
তবে ডেবিট কার্ডের লেনদেন স্বাভাবিক থাকবে বলেও জানিয়েছে মধুমতি ব্যাংক। এ ছাড়া অন্যান্য ব্যাংকের এটিএম ও পিওএস, বাংলা কিউআর এবং মানি অ্যাপের মাধ্যমে ট্যাপ, বিকাশ, নগদ ও উপায়ে ফান্ড ট্রান্সফার চালু থাকবে।
কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাভুক্ত নয় এমন অন্যান্য ব্যাংকে ফান্ড ট্রান্সফারও স্বাভাবিক থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
যেসব ব্যাংকে সেবা বন্ধ থাকবে
সেবা সাময়িক বন্ধ থাকার তালিকায় রয়েছে—বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, ব্যাংক এশিয়া, বেসিক ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ব্যাংক আলফালাহ বাংলাদেশ, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (বর্তমানে সম্মিলিত ব্যাংকের আওতায়), আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক, জনতা ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোনালী ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, উত্তরা ব্যাংক এবং উরি ব্যাংক বাংলাদেশ।
কেন সাময়িক বন্ধ রাখা হচ্ছে
ব্যাংক খাতে ডিজিটাল লেনদেনের ব্যবহার দ্রুত বাড়ায় প্রযুক্তিগত অবকাঠামোর সক্ষমতা ও নিরাপত্তা জোরদারে গুরুত্ব দিচ্ছে ব্যাংকগুলো। এ কারণে কোর ব্যাংকিং সিস্টেম, কার্ড নেটওয়ার্ক এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন এখন ব্যাংকিং কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
ব্যাংকাররা বলছেন, সিস্টেম উন্নয়ন বা নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় ব্যাংকিং সেবা সাময়িক বন্ধ রাখা নতুন কোনো বিষয় নয়। কাজের ধরন ও পরিধি অনুযায়ী কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত কিছু সেবা সীমিত থাকতে পারে। কাজ শেষ হলে নির্ধারিত সময়ের পর সেবাগুলো স্বাভাবিকভাবে চালু হয়।
তবে এবার একসঙ্গে ৩০টি ব্যাংকের বিভিন্ন সেবা বন্ধ থাকায় বিপুলসংখ্যক গ্রাহককে সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।

