খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক


দেশের খাদ্য নিরাপত্তা জোরদারে বাংলাদেশকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)। ‘ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি প্রজেক্ট’ বাস্তবায়নে এ অর্থায়ন করা হবে।

সোমবার (৫ অক্টোবর) এ লক্ষ্যে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক গ্রুপের আইডিএর মধ্যে ২১ কোটি ৯২ লাখ স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর) অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর পরিমাণ প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের সমান।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর জঁ পেম স্বাক্ষর করেন।

এক বছরে বাস্তবায়ন

প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।

অর্থ বিভাগ (এফডি), বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

ইআরডি জানিয়েছে, রোপণ মৌসুমে বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সাশ্রয়ী দামে সার সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করাই প্রকল্পটির প্রধান লক্ষ্য।

২৫ বছরে পরিশোধ

চুক্তির শর্ত অনুযায়ী, উত্তোলন করা ঋণের ওপর বছরে ১ দশমিক ৫ শতাংশ হারে সুদ দিতে হবে। অনুত্তোলিত ঋণের ক্ষেত্রে বার্ষিক সর্বোচ্চ শূন্য দশমিক ৫০ শতাংশ কমিটমেন্ট ফি নির্ধারিত থাকলেও বিশ্বব্যাংক দীর্ঘদিন ধরে বাংলাদেশকে এ ফি থেকে অব্যাহতি দিয়ে আসছে। চলতি অর্থবছরেও এ ফি মওকুফ করা হয়েছে।

পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ বছরের মধ্যে ঋণটি পরিশোধ করতে হবে।

বিশ্বব্যাংক বাংলাদেশের অন্যতম প্রধান বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী। নতুন এই অর্থায়নের মাধ্যমে দুই পক্ষের সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সংস্কার, অবকাঠামো, জ্বালানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ