কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটক যুবদল নেতার মৃত্যু: তদন্তের নির্দেশ সরকারের

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটক যুবদল নেতা মো. তৌহিদুর রহমানের (৪৫) মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বরাত দিয়ে প্রেস উইং জানায়, যেকোনো ধরনের হেফাজতে নির্যাতন ও হত্যা কঠোরভাবে নিন্দনীয়।

বর্তমান সরকারে দেশের শীর্ষস্থানীয় মানবাধিকার কর্মীরা রয়েছেন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় জীবনের প্রতিটি স্তরে মানবাধিকার রক্ষা করা এই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

এর আগে শুক্রবার যৌথ বাহিনীর পরিচয়ে গভীর রাতে বাড়ি থেকে তুলে নেওয়ার পর হাসপাতালে মো. তৌহিদুর রহমান (৪৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়। নিহত তৌহিদুল জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের ইটাল্লা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে এবং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন।

কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতা মো. তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনায় এরইমধ্যে সংশ্লিষ্ট ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করেছে সেনাবাহিনী। এছাড়াও, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিবাগত রাত রাত তিনটায় কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে যৌথ বাহিনীর অভিযানে তৌহিদুর রহমানকে আটক করা হয়। আইএসপিআর বলেছে, শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তৌহিদুর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ