
বর্তমানে দেশের অর্থনীতি কঠিন করুণ অবস্থায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরো বলেন, দেশে দুর্ভিক্ষের আলামত যদি দেখা দেয় তাহলে জনগন কাউকে ছেড়ে দেবে না।
শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যলয়ের সামনে জিয়া পরিষদের উদ্যোগে দু:স্থদের মাঝে জায়নামাজ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিএনপি এখন বৃহত্তর আদর্শের জন্য লড়াই করছে। মানবিক, সাম্য ও ন্যায় বিচারের জন্য লড়াই করছে।
জনগনের সরকার ক্ষমতায় থাকলে জনগনের কাছে জবাবদিহি করতে হয়। কিন্তু সেই জবাবদিহিতা এখন নেই। তবে, বিএনপি মনে করে এই অন্তর্বর্তী সরকার জনসমর্থিত। কারণ আওয়ামী লীগ ছাড়া দেশের সমস্ত রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিয়েছে বলে জানান রিজভী।
তিনি আরো বলেন, দেশে দুর্ভিক্ষের আলামত দেখা দিলে জনগন তখন কাউকেই ছাড় দেবে না। কারণ এরই মধ্যে অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ বেকার হয়ে গেছে। মানুষ যদি খাবার কিনতে না পারে তাহলে দুর্ভিক্ষের আলামত তৈরি হবে। তখন কেউ রেহাই পাবে না, আর হাততালি দেবে পতিত ফ্যাসিস্টরা।


