
ভাঙ্গারি ব্যবসা ও একটি দোকানে কারা ব্যবসা করবে সেই দ্বন্দে খুন হন পুরান ঢাকার ব্যবসায়ি লাল চাঁদ ওরফে সোহাগ। এই ঘটনায় চাঁদাবাজির কোন সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে পুলিশ।
শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, লালবাগ বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন।
মোহাম্মদ জসীম উদ্দিন জানান, হত্যাকান্ডের শিকার সোহাগ এবং যারা হত্যাকান্ড ঘটিয়েছে তারা বেশকিছুদিন যাবত একসাথে ব্যবসা করেছে। যখন ব্যবসার লেনদেন নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় তখনই তারা বিবাদে লিপ্ত হয়। এর ফলে হত্যাকান্ড সংঘটিত হয়। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তথ্য দিয়েছে।
রাজধানীর বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিনকে(২১) গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে র্যাব আলমগীর (২৮) ও ছোট মনির ওরফে ছোট মনির (২৫) নামের আরও দুজনকে গ্রেপ্তার করে।


