শনিবার, মে ১৬, ২০২৬

জুলাই আন্দোলনে নাফিজ হত্যায় এডিসি শচীনকে আটক করেছে পুলিশ

জুলাই গণ-অভ্যুত্থান আন্দোলনের সময় রাজধানীর ফার্মগেট এলাকায় নিহত ছাত্র নাফিজ হত্যা মামলায় তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) শচীন মৌলিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

খাগড়াছড়ির মহালছড়ি এলাকা থেকে শচীনকে বৃহস্পতিবার আটক করে গোয়েন্দা পুলিশ।

জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ফার্মগেট এলাকায় পুলিশের গুলিতে নিহত হন নাফিজ। তখন তাঁর মরদেহ একটি রিক্সায় করে শুইয়ে ঢাকা মেডিক্যাল কলেজ নিয়ে যান একজন রিক্সাচালক। তখন নাফিজের মাথায় বাঁধা ছিল বাংলাদেশের পতাকা। সেই দৃশ্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নাফিজ ছাত্র আন্দোলনের প্রতীক হয়ে ওঠেন।

এই ঘটনায় দায়ের করা মামলায় এডিসি শচীন মৌলিকের নাম আসায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। পরে তাকে পার্বত্য অঞ্চলে বদলি করে মহালছড়ি-৬ এপিবিএনে সংযুক্ত করা হয়।

শচীন মৌলিক ৩৩তম বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য। ২০১৪ সালের ৭ আগস্ট তিনি সহকারী পুলিশ কমিশনার হিসেবে বাহিনীতে যোগ দেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ