
ঢাকার কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাব নাকচ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঈদুল আজহার আগে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে খালেদা জিয়ার নামে করার প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায়। তবে সেই প্রস্তাবে সম্মতি দেননি সরকারপ্রধান।
সূত্র জানায়, বিদ্যমান কোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের পরিবর্তে নতুন প্রতিষ্ঠান স্থাপন করে নামকরণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রস্তাবের নোটে তিনি উল্লেখ করেন, ‘যদি নতুন নামকরণ করতে হয়, তাহলে নতুন প্রতিষ্ঠান গড়তে হবে।’
কেরানীগঞ্জের হযরতপুরে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) অধীন পরিচালিত একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।


