
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার পাশাপাশি অফিসিয়াল অ্যালবামেও জায়গা পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে এবারের বিশ্বকাপ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের তারকা শিল্পীদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সঞ্জয়। আয়োজনে তার সঙ্গে পারফর্ম করার কথা রয়েছে পপ তারকা কেটি পেরি ও ব্ল্যাকপিঙ্কের লিসাসহ আরও কয়েকজন আন্তর্জাতিক শিল্পীর।
সঞ্জয় জানান, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের মঞ্চে নিজের কাজ তুলে ধরার স্বপ্ন দীর্ঘদিনের। বিশ্বকাপের অফিসিয়াল সাউন্ডট্র্যাকে তার গান ‘সির সির’ স্থান পেয়েছে।
এই প্রকল্পে তার সঙ্গে রয়েছেন নোরা ফাতেহি ও ভেজড্রিমের মতো আন্তর্জাতিক শিল্পীরা। একই অ্যালবামে স্থান পেয়েছে বিশ্বখ্যাত রক ব্যান্ড ‘দ্য রোলিং স্টোনস’, পপ তারকা ‘শাকিরা’, ‘ড্যাডি ইয়াঙ্কি’, ‘বার্না বয়’ ও ‘রেমা’র গানও।
সিলেটের শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয়ের শৈশব কেটেছে চট্টগ্রামে। পরে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়ে সংগীতজগতে নিজের পরিচিতি গড়ে তোলেন তিনি।


