
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত ‘পুশইন’ প্রচেষ্টা ঠেকাতে দেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে সরকার। এ লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পাশাপাশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সদস্যদেরও সীমান্ত চৌকিতে মোতায়েন করা হয়েছে।
রোববার (৭ জুন) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (গণসংযোগ) মো. আশিকউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকাগুলোতে অস্থায়ী ভিত্তিতে আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে স্থানীয় ভূপ্রকৃতি ও পরিস্থিতি সম্পর্কে অভিজ্ঞ সদস্যদের বিজিবির সঙ্গে সরাসরি সীমান্ত চৌকিতে মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, সীমান্ত রয়েছে এমন ১১টি জেলায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জেলাগুলো হলো—চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর এবং খাগড়াছড়ি।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও পুশইনের আশঙ্কা বেড়ে যাওয়ায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিজিবির সঙ্গে সমন্বয় করে আনসার-ভিডিপি সদস্যরা সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সন্দেহজনক চলাচলের ওপর নজরদারি করছেন।
নিরাপত্তা বাহিনীগুলো বলছে, সীমান্তে যে কোনো ধরনের অনুপ্রবেশ প্রতিরোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


