
এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের ফলে বাংলাদেশের রপ্তানি খাত বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (৮ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি বলেন, উন্নত দেশগুলোর শুল্ক ও কোটামুক্ত সুবিধা বন্ধ হলে প্রায় ১৭.৫ বিলিয়ন ডলারের রপ্তানি আয় ঝুঁকিতে পড়বে।
তিনি জানান, এ পরিস্থিতি মোকাবিলায় জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) চূড়ান্ত করা হয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন, চীন, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা চলছে।
মন্ত্রী বলেন, বর্তমানে দেশের মোট রপ্তানি আয়ের ৮৪ শতাংশ তৈরি পোশাক খাত থেকে আসে। তাই চামড়া, পাট, কৃষিপণ্য, ওষুধ, আইটি ও হালকা প্রকৌশলসহ অন্যান্য খাতে রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সংসদে দেওয়া তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়ে ২৪.১৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সময়ে ৭৯.৩৫ বিলিয়ন ডলারের আমদানির বিপরীতে রপ্তানি আয় হয়েছে ৫৫.১৯ বিলিয়ন ডলার।


