
২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নিতে ইরান জাতীয় দলকে কঠোর ভ্রমণ-সংক্রান্ত শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রতিটি ম্যাচ খেলার পর ২৪ ঘণ্টার মধ্যেই দেশ ছাড়তে হবে দলটিকে।
ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর-এর প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে ম্যাচের এক বা দুই দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি থাকলেও পরে ভিসার মেয়াদ সীমিত করা হয়েছে।
গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। দলটি নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশরের বিপক্ষে খেলবে।
নিরাপত্তা ও কূটনৈতিক কারণে ইরান ইতোমধ্যে মেক্সিকোকে বেস ক্যাম্প হিসেবে বেছে নিয়েছে। যদিও প্রথমে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অবস্থানের পরিকল্পনা ছিল।
এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য খেলোয়াড় ও প্রয়োজনীয় কর্মকর্তাদের ভিসা দেওয়া হয়েছে। তবে ইরানি গণমাধ্যমের দাবি, কয়েকজন কর্মকর্তা এখনো ভিসা পাননি।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এই সিদ্ধান্ত বিশ্বকাপ ঘিরে নতুন আলোচনা তৈরি করেছে।


