
জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ এর মৃত্যুর ৩০ বছর পর তার মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও পুনরায় ময়নাতদন্ত করা হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ গত ২০ মে এ আবেদন করেন। আদালত ২৪ মে আবেদন মঞ্জুর করেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ। দীর্ঘদিন অপমৃত্যু মামলা হিসেবে তদন্ত চললেও ২০২৫ সালে আদালতের নির্দেশে ঘটনাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়।
মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হকসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। নতুন তদন্তের অংশ হিসেবে মরদেহ উত্তোলনকে মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।


