
ঢাকার ওয়ারি থানার প্রতারণার অভিযোগে করা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই আদেশ দেন। এর আগে আসামিকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারি থানার উপ-পরিদর্শক মো. মাহফুজুর রহমান।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদি সৈয়দা আশফাহ তোহা দ্যূতির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগে তাকে উদ্বুদ্ধ করেন। শুরুতে অল্প পরিমাণ টাকা ফেরত দিলেও পরে বড় অঙ্কের টাকা নেওয়া হয়। মুনাফাসহ অর্থ ফেরতের আশ্বাস দিলেও ভুক্তভোগীর কাছ থেকে সর্বমোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়।
উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট রাতে ঢাকার সিআইডির একটি বিশেষ টিম বরিশাল শহরের বাংলাবাজারে তৌহিদ আফ্রিদির মামার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এর আগে ২০২৫ সালের ১৭ আগস্ট আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পিতা বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

