
জনগনের ভোটাধিকার ও গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিক-জনতার আন্দোলন চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান এই রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করেন।
মুজিবুর রহমান বলেন, সরকার যদি জনগণের রায় ও ম্যান্ডেটকে অবজ্ঞা করে, তবে সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনার এই নিয়মতান্ত্রিক সংগ্রাম কোনোভাবেই থামবে না। দেশের কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহর বিধান ও ইসলামিক আদর্শ অনুসরণের বিকল্প নেই। মানব রচিত মতবাদ দিয়ে জনগনের প্রকৃত মুক্তি ও শান্তি নিশ্চিত করা সম্ভব নয়।
জামায়াতে ইসলামী কেবল অন্ধ বিরোধিতায় বিশ্বাসী নয়. সরকারের যে কোনো ভালো ও জনকল্যাণমুখী উদ্যোগকে তারা সাধুবাদ জানাবে এবং একই সাথে দেশের স্বার্থবিরোধী ভুল সিদ্ধান্তের কঠোর সমালোচনা জারি রাখবে বলেও জানান তিনি।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে জামায়াত ও শ্রমিক সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।


