নাসীরুদ্দীন-সারজিসদের বিরুদ্ধে পাল্টা মামলার আবেদন ছাত্রদলের

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের আসামি করে মামলা হওয়ার একদিন পর পাল্টা মামলার আবেদন করেছে ছাত্রদল। আবেদনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে এক নম্বর এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে দুই নম্বর আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রোকন হবিগঞ্জ সদর মডেল থানায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে এজাহার জমা দেন। তবে শুক্রবার দুপুর পর্যন্ত সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হবে কি না, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। পরে পুলিশের সহযোগিতায় তারা মৌলভীবাজারে চলে যান। হামলার প্রতিবাদে বুধবার হবিগঞ্জে কর্মসূচি ঘোষণা করে এনসিপি। একই দিনে বিএনপি, ছাত্রদল ও যুবদলের কর্মসূচিকে কেন্দ্র করে জেলাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়।

বুধবার বিকেলে হবিগঞ্জে প্রবেশের সময় এনসিপির গাড়িবহর পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে। পুলিশ সুপার তারেক মাহমুদের নেতৃত্বে সেখানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল। ব্যারিকেড অপসারণকে কেন্দ্র করে রাত পর্যন্ত ধস্তাধস্তির পর এনসিপির নেতারা কামাইছড়া পুলিশ ফাঁড়িতে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করার জন্য এজাহার জমা দেন। পরে তারা মৌলভীবাজারে ফিরে যান।

এনসিপির অভিযোগ, হামলার সময় ক্যামেরা, ল্যাপটপসহ প্রায় ২০ লাখ টাকার সরঞ্জাম, গাড়িতে থাকা ৫ লাখ টাকা এবং প্রায় ৫০ লাখ টাকা মূল্যের একটি গাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়।

অন্যদিকে ছাত্রদলের অভিযোগ, একটি কর্মসূচি শেষে ফেরার পথে এনসিপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে মারধর করেন। এ সময় দুটি মোবাইল ফোনসহ সাড়ে চার লাখ টাকার বেশি মূল্যের মালামাল ছিনিয়ে নেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুর রহমান জানান, এনসিপির দেওয়া এজাহারটি বুধবার রাতেই মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তবে ছাত্রদলের পক্ষ থেকে জমা দেওয়া এজাহারটি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ