
ঢাকার বনশ্রীতে সাড়ে তিন বছর বয়সী মেয়েকে হত্যার অভিযোগে মা তসনিম চৌধুরী ছোঁয়াকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারনা ‘দাম্পত্য কলহের জেরে’ এই হত্যাকান্ড।
মায়ের মারধরে আহত আয়না নুর ইসলাম নামের ওই শিশুটিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় শুক্রবার মাঝরাতের দিকে।
খিলগাঁও থানার এসআই গোলজার হোসেন জানিয়েছেন রাত সাড়ে ১২টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
এসআই হোসেন বলেন, “নিহত শিশুর মুখমন্ডল, মাথা, চোখের নিচে ও বুকে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।”
আয়নার বাবা এসএম আতিকুল ইসলাম ও মা তসনিম চৌধুরী ছোঁয়ার মধ্যে দীর্ঘদিন ধরে ‘দাম্পত্য কলহ’ চলছিল বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
আতিকুর ইসলাম সিদ্ধেশ্বরীতে থাকেন আর ছোঁয়া তার দুই ছেলেমেয়েকে নিয়ে দক্ষিণ বনশ্রী এল ব্লকের ১২ নম্বর সড়কের একটি বাসায় থাকতেন।
মায়ের মারধরে ছয় মাস বয়সী আহত ছেলেটিকেও ঢাকা মেডিকেলে রেখে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
এসআই হোসেন বলেন, “এই ঘটনায় শিশুটির মা তসনিম চৌধুরী ছোয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দাম্পত্য কলহের বাইরে অন্য কোনও কারন রয়েছে কী না তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।”


