
জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না। বিএনপি একমাত্র দল প্রমাণ করেছে যে তারা অন্যায়ের সঙ্গে আপস করে না। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পুনর্গঠন করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার যশোর জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘এখন অনেকেই সংস্কারের কথা বলছেন। কিন্তু বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আড়াই বছর আগে দেশ পুনর্গঠনের কথা বলেছে, ৩১ দফা ঘোষণা করেছে। বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ। তাই ভেঙে পড়া রাষ্ট্রকে পুনর্গঠন বিএনপির পক্ষে সম্ভব। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন জরুরি।’
দলীয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ যশোর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৯ সালে। সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের ১০ বছর পর ২০১৯ সালের ২০ এপ্রিল যশোর জেলা বিএনপির কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি করা হয়।


