
দেশে নারী নির্যাতন ও হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সরকারকে কঠোর ব্যবস্থা নিয়ে ন্যয়বিচার ও শান্তি প্রতিষ্ঠার দাবী জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিৃতিতে তিনি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে ফখরুল বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে ছাত্রী, নারী শ্রমিকসহ বিভিন্ন পেশার নারীদের ইভ টিজিং, শ্লীলতাহানি এবং হেনস্তা করা হচ্ছে। ধর্ষণ ও নির্যাতন করে নারীদের হত্যা করা হচ্ছে। ফ্যাসিস্ট সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে এর ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে রাস্তাঘাটে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের বিভিন্নভাবে হেনস্তা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এই ধরনের প্রবণতা বিপজ্জনক। এইসব ঘটনা ঘটিয়ে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করছে। নারীদের সম্মান রক্ষা এবং নারী স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব, যা নারীদের সংবিধান স্বীকৃত অধিকার।’


