
বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি ইমার্জেন্সি এন্ড রেসপন বা ‘বি-স্ট্রং’ প্রকল্পে দুর্নীতির অভিযোগে অভিযান শুরু করেছে দুর্নীতি কমিশন, দুদক।
প্রকল্পটির আওতায় অনিয়ম ও অতিরিক্ত ব্যয়ের হিসাবের প্রমাণ পাওয়ায় মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি এর প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম।
চট্টগ্রাম বিভাগের ছয়টি জেলায় ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্থ ব্রাক্ষ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালি, লক্ষ্মীপুর, ফেনী এবং চট্টগ্রামের জন্য বরাদ্দকৃত ১৯০৯ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে অস্বাভাবিক ব্যয়ের তথ্য হাতে পায় দুদক।
অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা জানান, মাত্র চারটি ল্যাপটপ ক্রয়ের জন্য ১১ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে, যা দুদকের তদন্তকারীদের মধ্যে সর্বপ্রথম সন্দেহের উদ্রেক করে।
এছাড়া প্রকল্পে প্রতি ইউনিট স্ট্রিট সোলার লাইটের মূল্য ধরা হয়েছে ৭২ হাজার টাকা। কিন্তু পরিকল্পনা কমিশন স্পষ্ট জানিয়েছে স্ট্রিট সোলার লাইটের প্রয়োজন নেই।
প্রকল্পের মোট ব্যয়ের ১৬৪৭ কোটি টাকা জোগান দেবে বিশ্ব ব্যাংক বাকি টাকা দেবে বাংলাদেশ সরকার।


