
জুলাই গণ-অভুত্থ্যান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি।
রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাব ফজলুর রহমানকে ২৪ ঘন্টার মধ্যে দিতে বলা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, আপনি জুলাই-আগস্ট ঐতিহাসিক গণ-অভুত্থ্যান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন। আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণ-অভুত্থ্যানের চেতনার পরিপন্থী। মহিমান্বিত এই গণ-অভুত্থ্যানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধরের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
সুতরাং এ ধরনের উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থি বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হলো।


