
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাথে অন্তত ২০ আসনে সমঝোতা করতে চায় এনসিপি। এছাড়া নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে সরকার গঠনেও হিস্যা চায় দলটি।
উভয় দলের সূত্র থেকে জানা গেছে, সবই অনানুষ্ঠানিকভাবে চলছে। তবে, এনসিপি কার সাথে জোট বাঁধবে বা এককভাবে নির্বাচন করবে কিনা সে হিসাব এখনো খোলা রয়েছে।
বিএনপি সূত্রে জানা গেছে, এনসিপি ঢাকায় ৪টিসহ অন্তত ২০টি আসনে সমঝোতা চায়। এসব আসনের অনেকগুলোতেই বিএনপি প্রার্থী ঘোষণা করলেও অনানুষ্ঠানিক আলোচনা বা যোগাযোগ চলছে দুই দলের মধ্যেই। বোঝাপড়া হলে আসনগুলো থেকে প্রার্থী প্রত্যাহার করে নেবে বিএনপি।
এদিকে, এনসিপির একটি সূত্র জানিয়েছে এনসিপির ব্যাপারে জামায়াতেরও আগ্রহ রয়েছে। জামায়াত বিএনপি’র থেকেও বেশি আসনে ছাড় দিতে চায়।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসন থেকে নির্বাচন করতে চান। সদস্যসচিব আখতার হোসেন করবেন রংপু-৪ থেকে। নাসীরুদ্দীন পাটোয়ারীর আগ্রহ ঢাকা-১৮ অথবা চাঁপুর-৫। তাসনিম জারা ঢাকা-৯ এবং দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ঢাকা-১৪ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১ আর দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ থেকে নির্বাচন করতে চান।


