প্রতারণার অভিযোগে তানজিন তিশার নামে মামলা

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার নামে ঢাকার আদালতে একটি মামলা করেছেন এক ভুক্তভোগী।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদলতে ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’ এর এক্সিকিউটিভ মোহাম্মদ আমিনুল ইসলাম মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, তানজিন তিশা বাংলাদেশের একজন পরিচিত মডেল, অভিনেত্রী এবং টিভি উপস্থাপিকা। তিনি দীর্ঘদিন ধরে মিডিয়া ইন্ডাস্ট্রির সাথে জড়িত। এর সূত্র ধরে তিনি ‘অ্যাপোনিয়ার’ অনলাইন পেজ প্রমোশনের জন্য যুক্ত হয়ে বিভিন্ন শাড়ি দেখেন এবং সেখান থেকে ২৮ হাজার ৮০০ টাকার বাজার মূল্যের একটি শাড়ি পছন্দ করেন। এরপর শাড়িটি তাঁর বাসায় পৌঁছে দেওয়া হয়। এরপর তানজিন তিশা বিভিন্ন সময় ভয়েজ ম্যাসেজ এবং টেক্সট ম্যাসেজের মাধ্যমে শাড়িটি পরিধান করে ‘অ্যাপোনিয়ার’ পেজের প্রমোশনের জন্য নানাভাবে আশ্বস্ত করেন।

কিন্তু দীর্ঘ ১০ মাস অতিবাহিত হওয়ার পরও তানজিন তিশা শাড়িটি পরিধান করেননি বা পেজ প্রমোশন করেননি। বাদির অভিযোগ তানজিন তিশা প্রতারণা করে বিশ্বাসভঙ্গ করেছেন। আদালত তার আবেদনটি মঞ্জুর করে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করেছেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ