ভুমি কর্মকর্তার দুর্নীতি; বেশি টাকা নিয়ে রশিদে কম দেখান

রংপুরের মিঠাপুকুরের জায়গীরহাট ইউনিয়নের এক ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের বিনিময়ে জমির খাজনা কমিয়ে দেওয়ার দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই ভুক্তভোগী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযুক্ত কর্মকর্তার নাম আল-আমিন মিয়া।

অভিযোগ সূত্রে জানা যায়, লতিবপুর এলাকার কামরুজ্জামান জমির খাজনা দিতে গেলে মোট ৩৩ হাজার ৭৫৯ টাকা খাজনা দাবী করেন আল-আমিন। এর মধ্যে ২৬ হাজার ৫০০ টাকা খাজনা পরিশোধ করেন কামরুজ্জামান। তবে, তাকে দুটি রসিদে যথাক্রমে ১ হাজার ৫৬২ ও ১ হাজার ৮৪৯ টাকা দেখিয়ে দেওয়া হয়। বাকি টাকার বিষয়ে জানতে চাইলে ভূমি সহকারী কর্মকর্তা আল-আমিন মিয়া বিষয়টি এড়িয়ে যান।

এছাড়া, তাহিয়ারপুর উত্তরপাড়া গ্রামের মোখলেছুর রহমানের কাছ থেকে ৬ হাজার ৮৩ টাকা খাজনা গ্রহন করেন ওই কর্মকর্তা। কিন্তু রসিদে দেখানো হয় মাত্র ১ হাজার ৮৩ টাকা।

স্থানীয় বাসিন্দারা বলছেন, জমির নামখারিজ, নামজারি, খাজনা প্রদান কিংবা রেকর্ড সংশোধন যে কাজই হোক টাকা ছাড়া কোন ফাইল নড়ে না। ভূমি অফিসে মৌখিকভাবে একরকম খাজনা নির্ধারণ করা হয় কিন্তু রসিদে দেখানো হয় অনেক কম টাকা।

এ বিষয়ে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ