
পেরুর সাবেক প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা গভর্ণর থাকাকালে ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৪ বছরের কারাদন্ড দিয়েছে দেশটির একটি আদালত।
ভিজকারা পেরুর দক্ষিণাঞ্চলের শহর মোকেগার গভর্ণর ছিলেন ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত। সেসময় সরকারি কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে বিভিন্ন কোম্পানির কাছ থেকে ৬ লাখ ৭৬ হাজার মার্কিন ডলার ঘুষ নেওয়ার দায়ে তাকে বুধবার এ দন্ড দিয়েছেন পেরুর একটি আদালত।
গত বছর অক্টোবর থেকে ভিজকারার বিচার কাজ শুরু হয়। বিচারের শুরু থেকে শেষ পর্যন্ত ভিজকারা নিজেকে নির্দোষ দাবি করে গেছেন। তাঁর ভাষ্য তিনি রাজনৈতিক নিপীড়নের শিকার।
বেশ কয়েকবছর ধরে রাজনৈতিক টানাপড়েনে থাকা পেরু ২০১৮ সাল থেকে এ পর্যন্ত ৬ প্রেসিডেন্টের পদত্যাগ বা অভিশংসন দেখেছে। এদের প্রায় সবার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ ছিল।


