
ছবি তোলার অভিযোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসার সামনে থেকে দুজনকে আটক করেছে পুলিশ।
রোববার তাদের আটক করে গুলশান থানার পুলিশ। আটক ব্যক্তিরা হলেন একটি বেসরকারি কোম্পানির নিরাপত্তারকর্মী মো. রুহুল আমিন ও ওমর ফারুক।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, মো. রুহুল আমিন তারেক রহমানের বাসার সামনে ছবি তুলছিলেন। কেন তিনি ছবি তুলছেন জানতে চাইলে তিনি কিছু বলতে পারেননি। আটক অপর ব্যক্তি ওমর ফারুকের দেহ তল্লাসি করে গাঁজা পাওয়া গেছে।
বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূত্রে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িটি পেয়েছেন তারেক রহমান। ১৯৮১ সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি আবদুস সাত্তারের মন্ত্রীসভা সর্বসম্মত সিদ্ধান্তে খালেদা জিয়াকে বাড়িটি বরাদ্দ দিয়েছিল। কয়েক মাস আগে বাড়িটির দলিলপত্র হস্তান্তের পর থাকার জন্য তা প্রস্তুত করা হয়।


