
এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি এবং ভিডিও ধারণের চেষ্টার অভিযোগে বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় নোবেলকে।
মামলা সূত্রে জানা গেছে, এক তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে নোবেল তার নিজস্ব স্টুডিওতে ডেকে এনে একদিন আটকে রাখেন। এ সময় জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের জন্য চাপ দেওয়ার অভিযোগ রয়েছে।
গেল বছরের ১৯ মে নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছিলেন ইডেন কলেজ-এর এক ছাত্রী, সেদিনই ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
পরে পারস্পরিক সমঝোতায় ১৯ জুন কারাগারে বসেই মামলার বাদীকে ১০ লাখ টাকা কাবিনে বিয়ে করেন নোবেল। এর পরপরই জামিনে কারামুক্ত হন তিনি।
২০১৯ সালে ভারতের জি বাংলা টেলিভিশনের গানের রিয়েলিটি শো সা রে গা মা পা-তে অংশ নিয়ে তৃতীয় হয়ে আলোচনায় আসেন নোবেল। এর পরপর নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে নোবেলকে ঘিরে সমালোচনাও বাড়তে থাকে।


