
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ৮ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
শনিবার দেশটির ফায়ার সার্ভিস ও পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, একটি ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সেখানে থাকা ব্যাক্তিগত গাড়ি ও মোটরসাইকেলও ক্ষতিগ্রস্থ হয়। ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষের পরপরই আগুনের লেলিহান শিখা সেখানে থাকা বাস ও অন্যান্য যানবাহনে ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, তীব্র যানজটের কারণে রেলক্রসিংয়ের ব্যারিয়ার ঠিকভাবে কাজ করতে পারেনি বলে ধারণা করা হচ্ছে। ফলে ট্রেনটি বাসটিকে সজোরে ধাক্কা দেয় এবং প্রায় ৫০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। এরপর বাসটিতে আগুন ধরে যায়।
বাসটি টেনে নেওয়ার সময় এটি আরও কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যেগুলোতেও আগুন লেগে যায়।
এ ঘটনায় সড়কে থাকা আরও অনেক গাড়িচালক ও মোটরসাইকেল আরোহী আহত হন। কর্মকর্তারা আহতদের প্রাথমিক চিকিৎসা দেন এবং জরুরি চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালগুলোতে পাঠান।
সূত্র: এএফপি


