হরমুজ প্রণালী পরিচালনার জন্য নতুন সংস্থা গঠনের ঘোষণা ইরানের

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ সোমবার আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী পরিচালনার জন্য একটি নতুন সংস্থা গঠনের ঘোষণা দিয়েছে। তেহরান কার্যত প্রণালীটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে জাহাজ চলাচলের ওপর টোল আরোপ করতে চায়।

সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে “পারস্য উপসাগর স্ট্রেইট অথরিটি” (পিজিএসএ) নামের নতুন সংস্থার একটি পোস্ট শেয়ার করে জানায়, সংস্থাটি হরমুজ প্রণালীর কার্যক্রম ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে “রিয়েল-টাইম আপডেট” দেবে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিটও একই পোস্ট শেয়ার করেছে। নতুন সংস্থাটি ঠিক কী ভূমিকা পালন করবে তা এখনো স্পষ্ট নয়। তবে চলতি মাসের শুরুতে ইরানের ইংরেজি ভাষার সম্প্রচারমাধ্যম প্রেস টিভি জানিয়েছিল, এই কর্তৃপক্ষ হরমুজ প্রণালীর ওপর “সার্বভৌম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি ব্যবস্থা” হিসেবে কাজ করবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল ব্যাপকভাবে সীমিত করে রেখেছে। যদিও ৮ এপ্রিল থেকে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ বিশ্ববাজারে উদ্বেগ তৈরি করেছে এবং তেহরানকে গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধা দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও ইরানি বন্দরগুলোর ওপর নিজস্ব নৌ অবরোধ আরোপ করেছে।

স্বাভাবিক সময়ে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে যায়। এছাড়া সারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্যও এ রুট ব্যবহার করে পরিবহন করা হয়।

যুদ্ধ শুরুর পর থেকে ইরান বারবার বলেছে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল “আর কখনো যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরবে না”। গত মাসে দেশটি জানায়, এই নৌপথ ব্যবহারের টোল থেকে তারা প্রথমবারের মতো রাজস্বও পেয়েছে।

সূত্র: ডন

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ