জামালপুরে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ: ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ইদ্রিস আলী নামে এক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

সোমবার (৬ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রাশেদুর রহমান ওরফে পাপ্পু (৩০), বিজু মিয়া (৩৬), বাদশা মিয়া (৩৫), জুয়েল মিয়া (৩৫), আশরাফুল ইসলাম (৪০), জসিম ও আছমত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফজলুল হক জানান, মামলায় মোট নয়জন সাক্ষীর মধ্যে সাতজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। আসামিদের উপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষ।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২৫ মে রাতে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষীয়া এলাকায় এক গৃহবধূকে অপহরণ করে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগী বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করলে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ