
ইরানের রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসে শোকের পাশাপাশি প্রতিশোধের দাবিতে মুখর হয়েছেন লাখো মানুষ।
রোববার শ্রদ্ধা জানানোর দ্বিতীয় দিনে রাজধানীর সবচেয়ে বড় এই মসজিদে নামে জনতার ঢল। কালো পোশাক পরা শোকাহত মানুষের হাতে ছিল ইরানের জাতীয় পতাকার পাশাপাশি প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত লাল পতাকা। সমাবেশজুড়ে ‘আমেরিকা ধ্বংস হোক’ এবং ‘ইসরায়েল ধ্বংস হোক’ স্লোগান দিতে দেখা যায়। মসজিদের বিভিন্ন স্থানে টাঙানো ব্যানারেও লেখা ছিল, ‘বিশ্ব জেনে রাখুক, প্রতিশোধ অনিবার্য।’
অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার দাবি জানান। কেউ কেউ কূটনৈতিক সংযমের সমালোচনাও করেন। নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির প্রতিও আনুগত্য প্রকাশ করেন উপস্থিত অনেক শোকাহত।

আল জাজিরার তেহরান প্রতিনিধি তোহিদ আসাদি জানান, ইরান-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শান্তি আলোচনা চলমান থাকলেও জনতার এই প্রতিক্রিয়া দেশটির ভেতরে তীব্র ক্ষোভের ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে আল জাজিরার আরেক প্রতিনিধি মাহমুদ আবদেলওয়াহেদের মতে, জাতীয় শোকের এই মুহূর্তে ইরানিদের মধ্যে ঐক্য দেখা গেলেও অর্থনৈতিক সংকট ও অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনের মতো বিষয়গুলো ভবিষ্যতে আবার সামনে আসতে পারে।
তবে সোমবারের মূল জানাজাকে ঘিরে বিশ্বকে জাতীয় ঐক্যের বার্তা দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান।
সূত্র: আল-জাজিরা


