
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শিরোনামের ওপেন কনসার্টে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন কিংবদন্তি শিল্পী হাসান।
মঞ্চে গান পরিবেশনের সময় দর্শকসারি থেকে ছোড়া একটি বোতল এসে সরাসরি তাঁর মাথায় আঘাত করে। ঘটনার পর পরিস্থিতি সামলে আবারও গানে ফিরে যান এই শিল্পী। তবে পুরো ঘটনাটি দর্শকদের ক্যামেরায় ধারণ হয়ে যায়। পরে অল্প সময়ের মধ্যেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনাটিকে দেশের সংগীতাঙ্গনের অন্যতম ন্যক্কারজনক ঘটনা উল্লেখ করে ক্ষোভ ও সমালোচনা জানান নেটিজেনরা। একই সঙ্গে গুরুত্বপূর্ণ এই উপলক্ষে আয়োজিত কনসার্টের ব্যবস্থাপনাও প্রশ্নের মুখে পড়ে।
ঘটনাটি নিয়ে সংগীতাঙ্গনে আলোচনা-সমালোচনা চললেও বিতর্ক আর বাড়াতে চাননি হাসান। বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চান তিনি। একই সঙ্গে শিল্পীদের রাজনৈতিক পরিচয় দিয়ে বিচার না করার আহ্বান জানিয়েছেন এই শিল্পী।
শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অভিজ্ঞতা ও অনুভূতির কথা তুলে ধরেন হাসান।
তিনি লেখেন, ‘ঘটনাটি আমার কাছে খুবই অপ্রত্যাশিত। দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনো হইনি। বহু বছর ধরে বাংলা ব্যান্ড সংগীত করছি। এই সময়ে বিচিত্র অনেক অভিজ্ঞতা হয়েছে। কিন্তু মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হতে পারে, এমনটা কখনো দেখিনি বা ভাবিনি।’
হাসান আরও লেখেন, ‘তারপরও আমি বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই। আমি বিশ্বাস করতে চাই, যে এমনটি করেছে, সে হয়তো না বুঝেই করেছে।’

