
বিশ্ব ফুটবল ইতিহাসের মহাকাব্য যখন শেষের পাতায় এসে পৌঁছায় তখন তাতে বিষাদের সুরই থাকার কথা। কিন্তু লিওনেল মেসি যেন নিয়ম ভাঙ্গার কারিগর। বিশ্বকাপে ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মেসির হ্যাট্রিকে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপে মেসির এটি প্রথম হ্যাট্রিক।
মঙ্গলবার কানসাস সিটির সবুজ গালিচায় যখন মেসি পা রাখলেন তখন তিনি খেলতে নেমেছেন জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। এমন এক মাহেন্দ্রক্ষণে তিনি লিখলেন এক নতুন অধ্যায়। তিনি প্রমাণ করলেন মঞ্চটি যতই শেষের হোক না কেন, তাঁর ফুটবল ব্যাকরণ এখনো নতুনের মতোই সজীব।
ম্যাচ শুরুর মাত্র ৪ মিনিটের মাথায় বল জালে পাঠান মেসি, কিন্তু অফসাইড থাকায় গোলটি বাতিল হয়ে যায়। ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলটি পান মেসি। বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর বাঁ পায়ের ট্রেডমার্ক শট আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের হাতে লাগলেও শেষ পর্যন্ত জালে জড়ায়। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধের ৬০ ও ৭৬ মিনিটে দুই গোল করে বিশ্বকাপে প্রথম হ্যাট্রিকের স্বাদ পান লিওনেল মেসি। এই তিন গোলে মেসির বিশ্বকাপে গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৬।


