‘পেড্ডি’ বিতর্কের মধ্যেই নতুন সিনেমায় জাহ্নবী কাপুর

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর আবারও আলোচনায়। সম্প্রতি তেলেগু সিনেমা ‘পেড্ডি’-তে তাঁর অভিনীত ‘আচিয়াম্মা’ চরিত্র নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হওয়া বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

ভারতীয় একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘পাগলাইট’-খ্যাত নির্মাতা উমেশ বিস্ত পরিচালিত নতুন একটি ছবিতে অভিনয় করবেন জাহ্নবী। ছবিটির নাম এখনও চূড়ান্ত না হলেও এটি প্রযোজনা করবে একতা কাপুরের বালাজি মোশন পিকচার্স এবং অস্কারজয়ী প্রযোজক গুনীত মঙ্গার সিক্যা এন্টারটেইনমেন্ট। চলতি বছরের অক্টোবর বা নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

নির্মাতারা এখনও সিনেমার গল্প, ঘরানা কিংবা অন্যান্য অভিনয়শিল্পীর নাম প্রকাশ করেননি। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো উমেশ বিস্তের পরিচালনায় কাজ করবেন জাহ্নবী কাপুর।

এদিকে উমেশ বিস্তও ব্যস্ত সময় পার করছেন। নতুন ছবির পাশাপাশি তিনি পরিচালনা করবেন ‘পাগলাইট ২’। ২০২১ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া প্রশংসিত সিনেমাটির সিক্যুয়েলেও অভিনেত্রী সানিয়া মালহোত্রা ফিরতে পারেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

‘পেড্ডি’ নিয়ে কেন বিতর্ক?

নতুন সিনেমার ঘোষণার পাশাপাশি এখনও আলোচনায় রয়েছে ‘পেড্ডি’। ছবিটিতে জাহ্নবীর অভিনীত ‘আচিয়াম্মা’ চরিত্রের উপস্থাপন নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।

সমালোচকদের অভিযোগ, অতিরিক্ত ক্লোজআপ, নির্দিষ্ট ক্যামেরা অ্যাঙ্গেল এবং কিছু রোমান্টিক দৃশ্যে চরিত্রটির ব্যক্তিত্বের চেয়ে তাঁর শারীরিক উপস্থিতিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের মতে, একজন নারীর চরিত্রকে অর্থবহভাবে নির্মাণের বদলে তাঁকে কেবল দৃষ্টিনন্দন উপস্থাপনার উপাদান হিসেবে দেখানো হয়েছে।

তবে এ বিষয়ে ভিন্ন মতও রয়েছে। অনেকের মতে, ক্যামেরার ভাষা বা নির্মাণশৈলীর জন্য অভিনেতা বা অভিনেত্রীকে দায়ী করা উচিত নয়।

জাহ্নবীর নীরবতা, মুখ খুলেছেন অন্য তারকারা

বিতর্ক নিয়ে জাহ্নবী কাপুর এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে ভারতীয় গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন জয়া বচ্চন, কারিনা কাপুর খান, নিত্যা মেনন, জগপতি বাবু ও ডিম্পল হায়াথির মতো তারকারা।

তাদের বক্তব্যে মূলধারার সিনেমায় নারীদের আরও শক্তিশালী, স্বতন্ত্র ও অর্থবহ চরিত্রে উপস্থাপনের প্রয়োজনীয়তার বিষয়টি উঠে আসে।

সমালোচনার মুখে ‘পেড্ডি’-র পরিচালক বুচি বাবু সানা সামাজিক মাধ্যমে ‘আচিয়াম্মা’ চরিত্রের উপস্থাপন নিয়ে দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান, বিতর্কিত দৃশ্যগুলো সিনেমা থেকে সরিয়ে নেওয়া হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ