
যুক্তরাষ্ট্রে পড়তে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এরইমধ্যে দূতাবাসগুলোকে শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট সাময়ীকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মার্কন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, শিক্ষার্থী এবং বিদেশি এক্সচেঞ্জ ভিসা আবেদনকারীদের স্যোসাল মিডিয়া কার্যকলাপ আরও গভীরভাবে যাচাই করা হবে। ফলে দূতাবাস ও কনস্যুলেটগুলোর কার্যক্রমে এর গুরুতর প্রভাব পড়বে, তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সিবিএস নিউজ জানিয়েছে, মঙ্গলবার এই নির্দেশ দেওয়া হয়েছে। তবে, যাদের অ্যাপয়েন্টমেন্ট ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে তারা সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন।
ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে মনে করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অতিমাত্রায় বামপন্থী এবং ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষকে প্রশ্রয় দিচ্ছে ও বৈষম্যমূলক ভর্তি নিতী অনুসরণ করছে।
উল্লেখ্য এরই মধ্যে ট্রাম্প প্রশাসন বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বরাদ্দকৃত কোটি কোটি ডলার বরাদ্দ বাতিল করেছে। এছাড়া ফিলিস্তিনের প্রতি বিক্ষোভের কারণে হাজার হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে। যদিও এর অনেকগুলোই আদালতের নির্দেশে আটকে গেছে।


