
ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশের সিজুনজুং রিজেন্সিতে একটি অবৈধ স্বর্ণখনিতে ভূমিধসে অন্তত ৯ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। ভারী বৃষ্টির কারণে খনির পাশের একটি পাহাড় ধসে পড়লে তারা মাটির নিচে চাপা পড়েন। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার পাহাড় ধসের সময় মাটির মাত্র ৩ মিটার নিচে শ্রমিকরা কাজ করছিলেন। ৯ জন খনি শ্রমিক মাটির নিচে চাপা পড়ে মারা গেলেও ৩ জন শ্রমিক কোনমতে প্রাণ বাঁচাতে সক্ষম হন।
খনিজ সম্পদে সমৃদ্ধ এই দক্ষিণ-পূর্ব এশীয় দ্বীপপুঞ্জে এমন অবৈধ খনি অত্যন্ত সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে পরিত্যক্ত খনিগুলোতে স্থানীয় দরিদ্র মানুষ যথাযথ নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই সোনার আকরিকের সন্ধানে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির ফলে পাহাড় ধসে পড়ার প্রবণতা বেড়ে যাওয়ায় দেশটিতে প্রায়শই এই ধরনের মারাত্মক প্রাণহানির ঘটনা ঘটে থাকে।


