চীনে কয়লাখনিতে ভয়ঙ্কর বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৯০

উত্তর চীনের শানসি প্রদেশের একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

শুক্রবার গভীর রাতে ছিনইউয়ান কাউন্টির লিউশেনইউ কয়লাখনিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়, দুর্ঘটনার সময় খনির নিচে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের চিকিৎসা ও উদ্ধার তৎপরতায় সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত এবং আইন অনুযায়ী কঠোর জবাবদিহির নির্দেশও দেন তিনি।

প্রধানমন্ত্রী লি ছিয়াংও দ্রুত ও সঠিক তথ্য প্রকাশ এবং কঠোর জবাবদিহির ওপর গুরুত্বারোপ করেছেন।

স্থানীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও উদ্ধার অভিযান চলছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

দুই হাজার সালের শুরুর দিকের তুলনায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও উন্নত কার্যপদ্ধতির কারণে চীনে কয়লাখনিতে প্রাণহানির ঘটনা অনেক কমেছে। তবে লিউশেনইউ খনির এই দুর্ঘটনা গত এক দশকের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

খনি পরিচালনাকারী প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

এর আগে রাষ্ট্রীয় বার্তা সংস্থা নিহতের সংখ্যা আটজন জানিয়েছিল এবং বলেছিল, দুই শতাধিক শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে পরে কীভাবে নিহতের সংখ্যা হঠাৎ বেড়ে ৯০ জনে পৌঁছালো, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সূত্র: বিবিসি, ব্যাংকক পোস্ট

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ